পিরোজপুরের মঠবাড়িয়ার নাপিতখালী গ্রামের একটি সার্বজনীন দুর্গামন্দির আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোররাতে উপজেলার নাপিতখালী সার্বজনীন দুর্গা মন্দিরে এ আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে মন্দিরের অবকাঠামো ও দুর্গা প্রতিমা পুড়ে ছাই হয়ে যায়।
থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোররাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামের কালু সমদ্দার বাড়ির সামনের সড়কের পাশে মন্দিরটিতে আগুন লাগায় দুর্বৃত্তরা। ভোর ৫টার দিকে স্থানীয় কৃষক শৈলেন হালদার মন্দিরটি আগুনে পুড়ে যেতে দেখে প্রতিবেশীদের ডেকে তোলেন। পরে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মন্দিরটির টিন ও কাঠের অবকাঠামো পুড়ে গেছে। এ ছাড়া মন্দিরের দুর্গা ও কার্তিক প্রতিমা পুড়ে যায়।
নাপিতখালী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি সঞ্জিব চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ছয় বছর ধরে গ্রামবাসী এ সার্বজনীন মন্দিরে প্রতিবছর দুর্গাপূজার আয়োজন করে আসছেন। মন্দিরের ভেতরে এ বছরের দুর্গা প্রতিমা ও পূজার অন্যান্য মালামাল রক্ষিত ছিল। মন্দিরটি সড়কের পাশে হওয়ায় দুর্বৃত্তরা নির্বিঘ্নে আজ শুক্রবার ভোররাতে আগুন লাগিয়ে দেয়। আগুনে মন্দিরটির স্থাপনা ও দুর্গা প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ চন্দ্র বেপারী ও মিরুখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ রায় মন্দিরে দুর্বৃত্তদের আগুন দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মঠবাড়িয়া থানার ওসি মো. নাসির উদ্দিন মল্লিক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।সূত্র-কালের কণ্ঠ